- ১৪ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বৈধতা নিয়ে করা পৃথক আপিলের শুনানির জন্য আগামী ৯ জুন দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে স্থগিত থাকা ভোটের ফলাফলের গেজেট প্রকাশ ও শপথ গ্রহণের বিষয়ে তাঁর করা আবেদন আপাতত নথিভুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে আপিল করা হলে গত ১৮ জানুয়ারি তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ হাইকোর্টে রিট দায়ের করে। হাইকোর্ট রিট খারিজ করে দিলে আপিল বিভাগে আবেদন করা হয়।
এদিকে একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকীও আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখার হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সেই আবেদন মঞ্জুর করেন।
তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশ ও গেজেট জারি স্থগিত রাখার নির্দেশ দেন আদালত। এ অবস্থায় ফলাফল প্রকাশ ও শপথ গ্রহণের অনুমতি চেয়ে পৃথক আবেদন করেন আসলাম চৌধুরী।
আদালতে আপিলকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী নিহাদ কবির ও মোস্তাফিজুর রহমান খান। তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মো. ফারুক।