- ০৩ জুলাই, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বলিউড অভিনেতা সালমান খানের মুম্বাইয়ের বাসভবনের সামনে গুলিবর্ষণের আলোচিত মামলায় নতুন মোড় এসেছে। দীর্ঘদিন পলাতক হিসেবে তালিকাভুক্ত থাকা গ্যাংস্টার আনমোল বিষ্ণোই এবার আদালতের মাধ্যমে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন। বিচারপ্রক্রিয়ায় সরাসরি অংশ নেওয়ার সুযোগ চেয়ে তিনি মুম্বাইয়ের বিশেষ এমসিওসিএ (মকোকা) আদালতে আবেদন করেছেন।
আদালতে দেওয়া আবেদনে আনমোল বিষ্ণোই উল্লেখ করেন, ২০২৪ সালে সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে চান এবং মামলার বিচারপ্রক্রিয়ায় অংশ নিয়ে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ চান। তাঁর দাবি, ন্যায়সঙ্গত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছেন।
বর্তমানে আনমোল বিষ্ণোই দিল্লির তিহার কারাগারে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি মামলায় আইনগত হেফাজতে রয়েছেন। গত বছরের নভেম্বরে তাঁকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়। পরে এনআইএ তাকে গ্রেপ্তার করে। বিভিন্ন অপরাধমূলক মামলার পাশাপাশি সালমান খানের বাসভবনের সামনে গুলিবর্ষণের মামলাতেও তাঁর নাম রয়েছে।
আবেদনে তিনি আদালতের কাছে একটি প্রোডাকশন ওয়ারেন্ট জারির অনুরোধ জানিয়েছেন, যাতে তিহার কারাগার থেকে তাঁকে মুম্বাইয়ের আদালতে হাজির করা যায়। তাঁর বক্তব্য, আদালতে উপস্থিত হতে পারলে মামলার বিচার দ্রুত এগোবে এবং আইনি প্রক্রিয়াও আরও কার্যকরভাবে পরিচালিত হবে।
আনমোল আরও দাবি করেছেন, তাঁর অনুপস্থিতিতেই মামলার বিচার শুরু হয়েছে এবং ইতোমধ্যে কয়েকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তাই নিজের অবস্থান তুলে ধরার সুযোগ নিশ্চিত করতে তিনি আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ এপ্রিল ভোরে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করে। ঘটনায় কেউ হতাহত না হলেও এটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।
এ মামলায় একাধিক অভিযুক্ত বর্তমানে বিচারিক হেফাজতে রয়েছেন। অপর এক অভিযুক্ত পুলিশি হেফাজতে মৃত্যুবরণ করেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অন্যদিকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এখনো এই মামলার অন্যতম পলাতক আসামি হিসেবে তালিকাভুক্ত।
আনমোল বিষ্ণোইয়ের আত্মসমর্পণের আবেদন আদালত কীভাবে বিবেচনা করে, এখন সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।