- ২২ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রদলের নেতারা। রোববার আয়োজিত এ সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বক্তব্য দেন।
বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। সমাবেশ চলাকালে বিভিন্ন রাজনৈতিক স্লোগানে শাহবাগ এলাকা মুখরিত হয়ে ওঠে।
বক্তব্যে ডা. আউয়াল বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কিছু সংগঠনের ভূমিকা নিয়ে তাদের আপত্তি রয়েছে। তিনি অভিযোগ করেন, কয়েকটি রাজনৈতিক শক্তি পরোক্ষভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ তৈরি করছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের ঘোষিত বা সম্ভাব্য কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ছাত্রদল প্রস্তুত রয়েছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
সমাবেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিয়েও বক্তব্য দেন ডা. আউয়াল। তিনি দাবি করেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত রয়েছে এবং এ বিষয়ে বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ডা. সাব্বির, ডা. প্রিন্স, শাহ পরান, মিরাজ হোসেন, মেহেদী, কামরুল ও আশরাফুলসহ আরও অনেকে বক্তব্য দেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা সংক্ষিপ্ত মিছিল করেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন।