- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বসতবাড়িতে সংরক্ষিত ডিজেলের ড্রামে পড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিশুটির নাম আরাফ প্রামাণিক (৩)। সে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের ট্রাক মালিক আশিকুর রহমান বাবু প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আশিকুর রহমান তার ট্রাকের জন্য বাড়ির বারান্দায় একটি অর্ধকাটা প্লাস্টিকের ড্রামে প্রায় ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করে রাখেন। মঙ্গলবার বিকেলে শিশু আরাফ বাড়ির বারান্দায় খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে ওই ড্রামের ভেতরে পড়ে যায়।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান একরামুল জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকালে তার মরদেহ বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।