- ২৩ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কুষ্টিয়া
কুষ্টিয়ার সদর উপজেলার পদ্মা নদীতে টহল দিতে গিয়ে চরমপন্থি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ-ফাঁড়ির ওসিসহ পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) গভীর রাতে হরিপুর ইউনিয়নের চরভবানিপুর এলাকার নদীপথে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
আহত পুলিশ সদস্যরা হলেন—নৌ-ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম, কনস্টেবল ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া। তারা সবাই একই ইউনিটে কর্মরত। আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে শাহিনুর হকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীতে একটি চক্র রাতের অন্ধকারে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এ সময় নৌ পুলিশের একটি টহল দল সেখানে পৌঁছে কার্যক্রম বন্ধ করার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল উপস্থিত ছিল এবং গোলাগুলিতে তাদের কয়েকজনও আহত হয়েছে। তবে তারা পালিয়ে গিয়ে গোপনে চিকিৎসা নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সংশ্লিষ্টদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
অপরদিকে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান বলেন, পুরো ঘটনা গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।