Sunday, May 17, 2026

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান


ছবিঃ সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপ’ এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান।

জানাজায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদের বিভিন্ন সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা।

নামাজে জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে সংসদের স্পিকার, মন্ত্রী ও অন্যান্য অতিথিরাও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

রাজনীতির পাশাপাশি দেশের ওষুধ শিল্পেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। তিনি মুন্সিগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়নে সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

দীর্ঘদিন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন মিজানুর রহমান সিনহা। সর্বশেষ মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন