Sunday, May 17, 2026

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিলেন জোনায়েদ সাকি


ছবিঃ মাদকবিরোধী নাগরিক সমাবেশ প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | মাওলাগঞ্জ 

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, মাদক, নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এসব অপরাধে রাজনৈতিক প্রভাব বা তদবির কোনোভাবেই গ্রহণ করা হবে না।

শনিবার দুপুরে মাওলাগঞ্জ বাজার মিলনায়তন এ আয়োজিত মাদকবিরোধী নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন।

জোনায়েদ সাকি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন এবং প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, মাদক নির্মূলে পুলিশ ও প্রশাসনকে কোনো ধরনের রাজনৈতিক চাপ ছাড়াই কার্যক্রম পরিচালনার সুযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকে একযোগে মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, বাঞ্ছারামপুরে কোনো মাদক ব্যবসায়ীকে আর প্রশ্রয় দেওয়া হবে না। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য এম এ খালেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পুলিশ সুপার শাহ আব্দুর রউফসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্ব।

সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন