Sunday, May 17, 2026

হামে শিশু মৃত্যুর দায় সরকারের, স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার দাবি নাহিদ ইসলামের


ছবিঃ এনসিপির যুব সংগঠন যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা

দেশে হামের বিস্তার ও শিশু মৃত্যুর ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, হামে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না এবং পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ‘মেডিক্যাল ইমার্জেন্সি’ ঘোষণা করা প্রয়োজন।

শনিবার বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তন এ জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ।

নাহিদ ইসলাম বলেন, দেশে একের পর এক সংকট তৈরি হলেও সরকার সেগুলো কার্যকরভাবে মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছে। তার দাবি, সারা দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে এবং শত শত শিশু হামে ও এর উপসর্গে মারা গেছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি সামাল দিতে কয়েকটি হাসপাতালকে বিশেষায়িত কেন্দ্র হিসেবে ঘোষণা করে শুধুমাত্র হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা উচিত। একই সঙ্গে তিনি স্বাস্থ্য খাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, সরকার বর্তমান সংকটের দায় এড়িয়ে অন্তর্বর্তী সরকারের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। তিনি বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে।

বক্তব্যে তিনি গণভোট, সংস্কার ও বিভিন্ন অধ্যাদেশ বাতিলের বিষয়েও সরকারের সমালোচনা করেন। তার ভাষায়, জনগণের প্রত্যাশিত সংস্কার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি।

এ সময় সীমান্ত হত্যা, ফারাক্কা ইস্যু ও আন্তর্জাতিক চুক্তির বিষয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো চুক্তি সংসদে আলোচনা ও জনসমক্ষে প্রকাশ করা উচিত।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন