- ১৭ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক | কুমিল্লা
কুমিল্লার মেঘনা থানা এলাকায় ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আওয়ামী লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে কুমিল্লা-১ আসনের সাবেক এমপির ছেলে ও দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনকে।
শনিবার স্থানীয় বিএনপি নেত্রী মাহবুবা ইসলাম মিলি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও আসামি করা হয়েছে মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, তাজুল ইসলাম তাজসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ২০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নেন। এ সময় আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন বলেও মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।
মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব এম এম মিজানুর রহমান দাবি করেন, ওই দিনের হামলায় দলের নেতাকর্মীরা প্রাণভয়ে ছত্রভঙ্গ হয়ে পড়েছিলেন এবং পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ।
মামলার বিষয়টি নিশ্চিত করে শহিদুল ইসলাম বলেন, বিএনপি নেত্রী মাহবুবা ইসলাম মিলির দায়ের করা মামলাটি গ্রহণ করা হয়েছে। মামলায় নাম উল্লেখ করা আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।