- ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। রাজশাহী
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হয়েছে। বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গেস্ট হাউজ ও টিচার্স ডরমেটরিতে ভর্তি প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ ‘ক’ গ্রুপে মেধাক্রম ১ থেকে ১২০০ পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে স্থাপত্য বিভাগের মেধাক্রম ১ থেকে ৩০ পর্যন্ত প্রার্থীদের ডাকা হয়েছে। পাশাপাশি আসন ফাঁকা থাকা সাপেক্ষে একই দিনে ‘ক’ গ্রুপে ১২০১ থেকে ২০০০ এবং ‘খ’ গ্রুপে ৩১ থেকে ৫০ পর্যন্ত মেধাক্রমধারীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনের বিপরীতেও মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের ভর্তি কার্যক্রমে অংশ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ভর্তির সময় প্রার্থীদের অনলাইনে পূরণ করা ভর্তি ফরমের প্রিন্ট কপি, এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল সনদ ও গ্রেডশিট, উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হচ্ছে। সংরক্ষিত কোটার প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ যাচাই-বাছাই কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।
ভর্তির দিনই প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হচ্ছে। এজন্য স্বীকৃত ডায়াগনস্টিক সেন্টার থেকে করা রক্তের গ্রুপ নির্ণয়ের রিপোর্ট সঙ্গে রাখা বাধ্যতামূলক। স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য বিবেচিত হলে ভর্তি বাতিল করা হবে বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টার মধ্যে বিভাগ প্রাপ্তির পর ক্যাম্পাসে অবস্থিত রূপালী ব্যাংক পিএলসি, রুয়েট শাখায় ১৮ হাজার ৫০০ টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে ইচ্ছা করলে ভর্তি কার্যক্রমের দিনই নির্ধারিত ব্যাংকে ফি পরিশোধ করে প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ‘ক’ গ্রুপে অংশ নেওয়া ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৭০২ জন এবং ‘খ’ গ্রুপে ৪৯৭ জনের মধ্যে ২৭৪ জন উত্তীর্ণ হন। ভর্তি কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।