- ২২ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নাটোর
নাটোরের গুরুদাসপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ নাগরিকদের বহনকারী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা আটজন রুশ নাগরিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহত বিদেশি নাগরিকদের মধ্যে চারজন নারী রয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ইমন (২২) নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার বাসিন্দা এবং ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী একটি কাঁচামালবোঝাই ট্রাক এবং রাজধানী থেকে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ছেড়ে আসা রুশ নাগরিকবাহী বাসটি তালবাড়িয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ইমনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় ট্রাকচালক, তাঁর সহকারী, বাসচালক এবং বাসের একাধিক যাত্রী আহত হন। আহতদের মধ্যে আটজন রুশ নাগরিক রয়েছেন। স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজ শুরু করলে পরে গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টার উদ্ধার তৎপরতার পর দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
আহতদের খোঁজ নিতে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। তাঁরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বিত অভিযানে রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকাজ শেষ হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে সীমিত পরিসরে যান চলাচল শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।