- ২২ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর চার দিন ধরে কোনো খোঁজ না পাওয়ার পর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাঁর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর খালপাড় সড়কের একটি ভবনের নিচতলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
নিহত শিক্ষার্থীর নাম উচ্ছ্বাস কর্মকার (২৭)। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি খুলনা বিভাগে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দেওয়ার পর তিনি বরিশালের বাইরে চলে যান। তবে প্রায় দেড় মাস আগে চাকরি ছেড়ে আবার বরিশালে ফিরে আসেন। এরপর বিশ্ববিদ্যালয়ের পাশেই একটি বাসা ভাড়া নিয়ে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি তাঁর অধিকাংশ সহপাঠী জানতেন না। ফলে কয়েক দিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ না হলেও বিষয়টি কারও নজরে আসেনি।
সহপাঠীদের ভাষ্য, উচ্ছ্বাস ছিলেন অত্যন্ত প্রাণবন্ত ও বন্ধুবৎসল একজন মানুষ। ক্যাম্পাসে তিনি সবার সঙ্গে আন্তরিকভাবে মিশতেন। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে সহপাঠীরা গভীর শোক প্রকাশ করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে। বিভাগের শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।
এদিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য আলামত পর্যালোচনার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার বিষয়ে জানতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।