- ২১ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চাঁদপুর
চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে পরিবেশবিধি লঙ্ঘন করে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দের পাশাপাশি তিন ব্যবসায়ীর কাছ থেকে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসকের কার্যালয়ের যৌথ উদ্যোগে বাজারের প্লাস্টিকজাত পণ্য বিক্রির কয়েকটি দোকানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়, যা পরে জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল। তিনি জানান, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের উৎপাদন, মজুত, বিক্রি ও ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। এরপরও কিছু ব্যবসায়ী নিয়ম অমান্য করে এসব পণ্য বিক্রি করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ব্যবসায়ী মাহাবুবকে ২০ হাজার টাকা, ফখরুদ্দিনকে ৩০ হাজার টাকা এবং মো. সাব্বিরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা জানান, পরিবেশ সুরক্ষায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় প্রশাসনের আশা, ধারাবাহিক নজরদারি ও আইন প্রয়োগের মাধ্যমে বাজারে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার কমে আসবে এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।