Tuesday, February 24, 2026

রমজানে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী


ছবিঃ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বাজারে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি সতর্ক করে বলেন, রমজানকে কেন্দ্র করে কেউ যদি অযৌক্তিকভাবে দাম বাড়ানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আকস্মিক এ সফরে মন্ত্রী বিভিন্ন দোকান ঘুরে পণ্যের মূল্য যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

মন্ত্রী জানান, বাজার পুরোপুরি স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। তবে সেগুলোর বাস্তবায়নে কিছু সময় লাগতে পারে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

ঢাকার মতো বৃহৎ শহরে একযোগে সব বাজারে নজরদারি চালানো প্রশাসনিকভাবে কঠিন উল্লেখ করে তিনি বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একাধিক টিম নিয়মিত অভিযান পরিচালনা করছে। ব্যবসায়ীদের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে যে বাজার তদারকি অব্যাহত রয়েছে।

মন্ত্রী আরও বলেন, সরবরাহ ঠিক থাকার পরও কোনো পণ্যের দাম হঠাৎ দ্বিগুণ বা তার বেশি বৃদ্ধি পাওয়া গ্রহণযোগ্য নয়। বাজার যাতে কোনো গোষ্ঠীর নিয়ন্ত্রণে না যায়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

সম্প্রতি ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর হামলা ও হুমকির ঘটনায় প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে মামলা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন