- ২০ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সরকার ঘোষণা করেছে, চলতি রমজান মাসে দেশের সিএনজি স্টেশনসমূহ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়সীমা আগামী ১৪ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে সিএনজি স্টেশনগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকতো।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি বক্তব্য অনুযায়ী, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প চাপ পরিস্থিতি কমিয়ে বাসাবাড়িতে রমজান মাসে গ্যাস সরবরাহ নিশ্চিত করতেই এই সময় বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপনের কারণে মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াত স্বাভাবিক রাখতে ১৫ থেকে ২৫ মার্চ সিএনজি ও ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর, ২৬ মার্চ থেকে আবার পূর্বের নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে।
সরকারি এই পদক্ষেপের উদ্দেশ্য হলো রমজান মাসে গ্যাস সরবরাহে ঝুঁকি কমানো এবং বাসাবাড়িতে Cooking Gas-এর সমস্যা এড়ানো। পাশাপাশি ঈদুল ফিতরে যানজট ও যাত্রীসুবিধার জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।