- ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রমজান মাসকে সামনে রেখে রাজধানীর কারওয়ান বাজার–এর ব্যবসায়ীরা বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন। সোমবার কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।
ঘোষণা অনুযায়ী, প্রতি পিস লেবুর দাম ২ টাকা, ভোজ্যতেল প্রতি লিটারে ১ টাকা, চিনি প্রতি কেজিতে ১ টাকা এবং ছোলা প্রতি কেজিতে ২ টাকা কম নেওয়া হবে। এছাড়া ২০০ গ্রাম প্যাকেট ট্যাংয়ে ৫ টাকা, মাংসে প্রতি কেজিতে ৩০ টাকা এবং মিনিকেট চালে প্রতি কেজিতে ১ টাকা কম দামে বিক্রি করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমেই এ সিদ্ধান্ত এসেছে। রমজান মাসের দায়িত্ববোধ থেকে তারা নিজেদের লাভের অংশ কমিয়ে ক্রেতাদের স্বস্তি দিতে এগিয়ে এসেছেন।
কারওয়ান বাজার পাকা মার্কেট আড়তদার সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজন জানান, শ্রীমঙ্গল থেকে লেবু সংগ্রহের পর মানভেদে বিভিন্ন দামে বিক্রি করা হয়। এখন সব ধরনের লেবুতেই ২ টাকা কম নেওয়া হবে।
মাংস ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, আগে যে দামে মাংস বিক্রি হতো, সেখান থেকে ৩০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। একইভাবে ছোলা, চিনি ও তেলের ব্যবসায়ীরাও তাদের মুনাফা কমানোর কথা জানান।
তেল ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়, ৫ লিটার বোতলে মোট ৫ টাকা কম নেওয়া হবে। চিনির ক্ষেত্রেও আগের চেয়ে ১ টাকা কম দামে বিক্রি শুরু হয়েছে।
চাল ব্যবসায়ীরা জানান, মিনিকেট চাল আগে প্রতি কেজিতে ২ টাকা লাভে বিক্রি করা হলেও এখন ১ টাকা লাভে বিক্রি করা হবে। ফলে চালের দামও কিছুটা কমবে।