- ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা এলাকার একটি সুপারি বাগানের বালুর স্তূপ থেকে শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সোহাগ হোসেন (৩০) একই এলাকার লালগাজী মিজি বাড়ির তাজল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বৃহস্পতিবার সকালে সোহাগ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। দুই দিন পর বাড়ির পাশের একটি সুপারি বাগানে বালুর স্তূপে তার মরদেহ পাওয়া যায়।
সোহাগের ভাই জানান, তাদের সঙ্গে কারও প্রকাশ্য শত্রুতা ছিল না। তবে সোহাগ অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন বলে পরিবারের ধারণা। এ কারণে কোনো বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও মা শোকাহত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।