Friday, February 27, 2026

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এনসিপির ইফতার মাহফিল ও বিভাগীয় কর্মসূচি ঘোষণা


ছবিঃ প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করবে দলটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাস্তবায়ন কমিটির নেতারা বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের পরিবার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–কর্মী, পেশাজীবী, শিক্ষক, সাংবাদিক এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

দলীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি এনসিপির আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠার পর থেকে দলটি রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় জোটে অংশ নিয়ে ৩০টি আসনে প্রার্থী দেয় এনসিপি। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮ ফেব্রুয়ারি বিকেল চারটা থেকে ধানমন্ডির আবাহনী মাঠে ইফতার আয়োজন শুরু হবে। অনুষ্ঠানে চিত্রপ্রদর্শনী, গত এক বছরের রাজনৈতিক কার্যক্রমের ধারাবাহিক উপস্থাপনা ‘স্ট্রিট ওয়াল’ এবং একটি ফটো বুথ থাকবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়েও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী ও ১১ মার্চ রংপুরে ইফতার কর্মসূচি পালিত হবে। এছাড়া ৩ মার্চ কুমিল্লায় বিশেষ আয়োজন রাখা হয়েছে। পরে ১৩ মার্চ ঢাকা মহানগর উত্তর ও ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগেও পৃথক ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাত। এ সময় কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার, সাদিয়া ফারজানা দিনা, লুৎফর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন