Friday, February 27, 2026

বরিশাল–ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ১, আহত অর্ধশতাধিক


ছবিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বরিশাল–ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৫০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ২০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস এবং ঢাকা থেকে বরিশালমুখী লাবিবা পরিবহনের আরেকটি বাস সেতুসংলগ্ন ঢালে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় ইসলাম পরিবহনের চালক ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পর দুই বাসের বহু যাত্রী আহত হন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং গুরুতর আহতদের বরিশালসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় আধা ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট বাস দুটি জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন