Friday, February 27, 2026

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতারের দাবি এমপি হাসনাতের


ফাইল ছবিঃ কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নরসিংদী

নরসিংদীতে এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি তোলেন।

পোস্টে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, স্থানীয়ভাবে ‘নূরা’ নামে পরিচিত এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন মিলে প্রায় ১৫ দিন আগে কর্মস্থল থেকে ফেরার পথে ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর মেয়েটির পরিবার বিচার চেয়ে স্থানীয় জনপ্রতিনিধির শরণাপন্ন হলেও অভিযোগ রয়েছে, সেখানে ন্যায়বিচার পাওয়া যায়নি।

তিনি আরও উল্লেখ করেন, মহিষাসুরা ইউনিয়নের এক মেম্বার ও স্থানীয় বিএনপির সহ-সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং মামলা করতে নিরুৎসাহিত করার অভিযোগ উঠেছে। এমনকি ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার চাপ দেওয়া হয়েছিল বলেও পোস্টে দাবি করা হয়।

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, পরিস্থিতির চাপে কিশোরীর বাবা মেয়েকে আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়ার উদ্যোগ নিলে পথিমধ্যে আবারও তাকে তুলে নেওয়া হয়। পরদিন সরিষা ক্ষেতে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে স্থানীয় বিএনপির এক নেতা, তার ছেলেসহ চারজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। তবে এমপি হাসনাতের দাবি, গ্রেফতারকৃতদের পাশাপাশি মূল অভিযুক্ত নূরাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তিনি অভিযুক্তদের পেছনে যারা প্রভাবশালী হিসেবে কাজ করেছে, তাদেরও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নরসিংদীর এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন মহল থেকে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন