Friday, March 13, 2026

প্রতারক কল ঠেকাতে নতুন ফিচার চালু করল ট্রুকলার


ছবিঃ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

কলার পরিচয় শনাক্তকারী জনপ্রিয় অ্যাপ Truecaller ব্যবহারকারীদের প্রতারণামূলক ফোনকল থেকে সুরক্ষা দিতে নতুন একটি ‘ফ্যামিলি গ্রুপ’ ফিচার চালু করেছে। এই সুবিধার মাধ্যমে একটি গ্রুপের একজন সদস্য অ্যাডমিন হয়ে অন্য সদস্যদের ফোনকল পর্যবেক্ষণ করতে পারবেন এবং সন্দেহজনক কল এলে সতর্কবার্তাও পাবেন। প্রয়োজনে তিনি দূর থেকেই সেই কল বন্ধ করে দিতে পারবেন।

প্রায় ৪৫০ মিলিয়নের বেশি ব্যবহারকারী থাকা ট্রুকলার প্রথমে গত বছরের ডিসেম্বর মাসে সীমিত কয়েকটি দেশে এই ফিচার চালু করেছিল। পরীক্ষামূলকভাবে সুইডেন, চিলি, মালয়েশিয়া ও কেনিয়ায় এটি চালু করা হয়। ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার পর এখন বিশ্বব্যাপী এই সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন ব্যবস্থায় একটি ফ্যামিলি বা বন্ধুদের গ্রুপে সর্বোচ্চ পাঁচজন সদস্য থাকতে পারবেন। তাদের মধ্যে একজন প্রযুক্তি–দক্ষ সদস্য অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করবেন। গ্রুপের অন্য সদস্যদের কাছে সন্দেহজনক বা প্রতারণামূলক কল এলে অ্যাডমিন তার নোটিফিকেশন পাবেন। যদি তিনি মনে করেন কলটি ঝুঁকিপূর্ণ, তবে দূর থেকেই কলটি বন্ধ করার সুযোগ থাকবে। তবে এই কল বন্ধ করার সুবিধা বর্তমানে কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য কার্যকর।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে অ্যাডমিনকে অতিরিক্ত কিছু তথ্য দেখার অনুমতিও দিতে পারবেন। যেমন—ব্যবহারকারী হাঁটছেন নাকি গাড়ি চালাচ্ছেন, ফোনের ব্যাটারির অবস্থা বা ফোন সাইলেন্ট মোডে আছে কি না। ট্রুকলারের মতে, এতে পরিবারে বয়স্ক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সুবিধা হবে এবং প্রয়োজন অনুযায়ী তাদের সঙ্গে যোগাযোগ করা সহজ হবে।

এ ছাড়া অ্যাডমিন চাইলে নির্দিষ্ট কিছু ফোন নম্বর বা আন্তর্জাতিক কল কোড ব্লক করতে পারবেন এবং একটি শেয়ার করা ব্লকলিস্ট গ্রুপের অন্য সদস্যদের সঙ্গে ভাগ করে নিতে পারবেন। তবে অ্যাডমিন গ্রুপ সদস্যদের ব্যক্তিগত কল ইতিহাস বা এসএমএস দেখতে পারবেন না বলে জানিয়েছে কোম্পানি।

ট্রুকলারের চিফ প্রোডাক্ট অফিসার Kunal Dua বলেন, বর্তমানে প্রায় প্রতিটি পরিবারেই কেউ না কেউ ফোন প্রতারণার শিকার হয়েছেন বা হওয়ার ঝুঁকিতে আছেন। এই সমস্যা মোকাবিলায় ব্যবহারকারীদের সুরক্ষায় নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতারণামূলক কল শনাক্ত করতে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পরিকল্পনাও করছে ট্রুকলার। কোম্পানিটি এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে, যা কলের সময় নির্দিষ্ট কিছু সন্দেহজনক শব্দ শনাক্ত করতে পারলে স্বয়ংক্রিয়ভাবে কল বিচ্ছিন্ন করে দিতে পারবে।

তবে সাম্প্রতিক সময়ে কিছু চ্যালেঞ্জের মুখেও পড়েছে ট্রুকলার। বিভিন্ন দেশে সরকারি কলার শনাক্তকরণ ব্যবস্থার বিস্তার এবং বিজ্ঞাপন আয়ের পতনের কারণে কোম্পানিটির আর্থিক পরিস্থিতিতে চাপ তৈরি হয়েছে। তারপরও ব্যবহারকারীদের জন্য উন্নত নিরাপত্তা সুবিধা দিতে নতুন প্রযুক্তি ও সেবা উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। 

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন