Friday, March 13, 2026

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩ হাজার ৩২৪ টাকা


ছবিঃ সোনা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

টানা দুই দফা দাম বাড়ার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে Bangladesh Jewellers Association (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) এখন বিক্রি হবে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকায়। এই মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকায়। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা প্রতি ভরি।

অন্যদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দাম বাড়ানো হয়েছে। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৭০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৪ হাজার ৮২ টাকায় বিক্রি হবে।

এর আগে বুধবার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ৪১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৫ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

রুপার ক্ষেত্রেও চলতি বছরে ২৫ বার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ৯ বার কমেছে বলে জানিয়েছে Bangladesh Jewellers Association।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন