Sunday, April 5, 2026

পরীক্ষায় বারবার অকৃতকার্য হয়ে মানসিক চাপে মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা


ফাইল ছবিঃ অর্পিতা নওশিন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা

কুমিল্লার একটি বেসরকারি মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সহপাঠী ও পরিবারে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম অর্পিতা নওশিন। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তার গ্রামের বাড়ি খুলনা সদরে। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

সহপাঠীদের দাবি, দীর্ঘদিন ধরে একটি বিষয়ে বারবার অকৃতকার্য হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। জানা যায়, প্রথম প্রফেশনাল পরীক্ষায় অন্যান্য বিষয়ে উত্তীর্ণ হলেও এনাটমি বিষয়ে অকৃতকার্য হন নওশিন। পরবর্তী তিন বছরে আরও চারবার পরীক্ষা দিয়েও তিনি ওই বিষয়ে উত্তীর্ণ হতে পারেননি।

বন্ধুরা জানান, সর্বশেষ ফল প্রকাশের পর তিনি আরও হতাশ হয়ে পড়েন। একই ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা যখন উচ্চ বর্ষে উন্নীত হয়েছেন, তখন নওশিন এখনও প্রথম প্রফেশনাল পরীক্ষাতেই আটকে ছিলেন। এই পরিস্থিতি তাকে গভীর মানসিক চাপে ফেলে।

পরিবারের অভিযোগ, একাডেমিক চাপের পাশাপাশি নির্দিষ্ট এক শিক্ষকের আচরণও তার মানসিক অবস্থার অবনতিতে ভূমিকা রেখেছে। নওশিনের ভাই শাহরিয়ার আরমান বলেন, “আমার বোন বারবার বলত তাকে অযথা কঠিন অবস্থার মধ্যে রাখা হচ্ছে। তার সমস্যা কী—এটা কেউ স্পষ্ট করে বলেনি।”

ঘটনার আগে দিনও বোনের সঙ্গে তার কথা হয়েছিল বলে জানান তিনি। সে সময় পরীক্ষার ফরম পূরণের জন্য অর্থের প্রয়োজনের কথাও জানিয়েছিলেন নওশিন।

সহপাঠীরা আরও জানান, অতিরিক্ত মানসিক চাপের কারণে তিনি বিপুল পরিমাণ ঘুমের ওষুধ সেবন করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তিনি বলেন, “ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

এই ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে আরও গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন