Thursday, April 23, 2026

প্রাক্-বাজেট আলোচনায় এলপিজিতে ভ্যাট প্রত্যাহার ও কাঁচামালে শুল্ক কমানোর দাবি ব্যবসায়ীদের


ছবিঃ এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে এলপিজি সিলিন্ডার গ্যাস ভর্তিতে আরোপিত ভ্যাট প্রত্যাহার এবং বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাসের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে অনুষ্ঠিত প্রাক্-বাজেট বৈঠকে ১৩টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা এসব প্রস্তাব তুলে ধরেন।

বৈঠকে এলপিজি খাতের পক্ষ থেকে বলা হয়, একই প্রতিষ্ঠানের উৎপাদিত সিলিন্ডার ও গ্যাস ভিন্ন স্থানে ভর্তি করার কারণে অতিরিক্ত ১০ শতাংশ ভ্যাট দিতে হচ্ছে, যা অযৌক্তিক। এ ভ্যাট প্রত্যাহারের পাশাপাশি কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর দাবি জানানো হয়। তবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ প্রস্তাবে সাড়া না দিয়ে বলেন, কর কমালেই ভোক্তা পর্যায়ে দাম কমবে—এমন নিশ্চয়তা নেই।

আসবাবপত্র খাতের প্রতিনিধিরা অভিযোগ করেন, কাঁচামাল আমদানিতে বহুমুখী করের কারণে মোট শুল্কের হার অনেক বেশি হয়ে গেছে, যা শিল্পের বিকাশে বাধা সৃষ্টি করছে। তারা আগাম আয়কর কমানোরও প্রস্তাব দেন। জবাবে এনবিআর চেয়ারম্যান জানান, কিছু পণ্য প্রস্তুত পণ্য হিসেবে বিবেচিত হওয়ায় শুল্ক বেশি রাখা হয়েছে।

কাগজ খাতে ভিন্নমুখী প্রস্তাব উঠে আসে। এক পক্ষ দেশে উৎপাদিত নয় এমন কাগজের আমদানি শুল্ক কমানোর কথা বললেও, স্থানীয় উৎপাদকরা শুল্ক বাড়ানোর পক্ষে মত দেন। একই সঙ্গে হিমায়িত খাদ্য রপ্তানিকারকরা উৎসে কর প্রত্যাহার এবং কাঁচামাল আমদানির কিছু বিধিনিষেধ শিথিল করার দাবি জানান।

কোল্ড স্টোরেজ খাতের উদ্যোক্তারা প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে উচ্চ শুল্ককে বড় প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করে তা কমানোর আহ্বান জানান। অন্যদিকে প্লাস্টিক খাতের ব্যবসায়ীরা কাস্টমসে অতিরিক্ত মূল্য নির্ধারণের অভিযোগ তুলে এর সমাধান চান।

এছাড়া নিম্ন ও মধ্যবিত্ত করদাতাদের চাপ কমাতে করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব দেয় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আলাদা কর কাঠামো প্রণয়নের দাবি জানানো হয়।

বৈঠকে অংশ নেওয়া অন্যান্য সংগঠনও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কর কাঠামো সহজ করা, পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তি এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার আহ্বান জানায়।

সব প্রস্তাব পর্যালোচনার আশ্বাস দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, যৌক্তিক সুপারিশগুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি তথ্যভিত্তিক প্রস্তাব প্রদানের ওপর গুরুত্বারোপ করেন, যাতে কার্যকর নীতি প্রণয়ন সম্ভব হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন