- ১৮ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। পঞ্চগড়
প্রধানমন্ত্রী তারিক রহমান-কে নিয়ে মন্তব্যের প্রতিবাদ ঘিরে পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দলটির মুখপাত্র রাশেদ প্রধানকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জাগপা নেতাদের অভিযোগ, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ হামলা চালায়। হামলায় দলীয় কার্যালয়ের টিনের বেড়া ভেঙে ফেলা হয় এবং ভেতরের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে রাশেদ প্রধানকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজজামান বাবু বলেন, রাজনৈতিক সমালোচনা থাকতেই পারে, তবে তা শালীনতার মধ্যে হওয়া উচিত। তিনি রাশেদ প্রধানের বক্তব্যের নিন্দা জানিয়ে তার বিচার দাবি করেন।
অন্যদিকে, জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব অভিযোগ করেন, হামলায় তাদের কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও কোনো নেতাকর্মী শারীরিকভাবে আহত হননি।
পঞ্চগড় সদর থানার-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।