Thursday, July 2, 2026

পিছিয়ে পরেও ইংল্যান্ড ও বেলজিয়ামের অবিশ্বাস্য জয়, শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো


ছবিঃ ফিফা ট্রফি ও ফিফা ফুটবল (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ পর্বে বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত চারটি ম্যাচেই ছিল নাটক, প্রত্যাবর্তন এবং শেষ মুহূর্তের রোমাঞ্চ। ইংল্যান্ড, বেলজিয়াম, মেক্সিকো ও স্বাগতিক যুক্তরাষ্ট্র নিজেদের ম্যাচ জিতে নিশ্চিত করেছে শেষ ষোলোর টিকিট।

দিনের সবচেয়ে নাটকীয় ম্যাচটি অনুষ্ঠিত হয় সিয়াটলে, যেখানে দুই গোলে পিছিয়ে থেকেও অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে সেনেগালকে হারিয়েছে বেলজিয়াম। নির্ধারিত সময়ের শেষ দিকে রোমেলু লুকাকু ও ইউরি টিলেমান্সের গোল ম্যাচে সমতা ফেরায়। পরে অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন টিলেমান্স।

আটলান্টায় আরেক নাটকীয় লড়াইয়ে চমক দেখাতে যাচ্ছিল কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো)। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় সেই ব্যবধান ধরে রাখলেও শেষ ১৫ মিনিটে অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ড। শেষ মুহূর্তের এই প্রত্যাবর্তনে নকআউট পর্বে নিজেদের অভিযান টিকিয়ে রাখে থমাস টুখেলের দল।

মেক্সিকোও দারুণ পারফরম্যান্সে ইকুয়েডরকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা স্বাগতিকরা সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে আত্মবিশ্বাসী জয় তুলে নেয়।

অন্য ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্র ১০ জনের দলে পরিণত হওয়ার পরও দারুণ লড়াই করে ২-০ ব্যবধানে হারিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনাকে। ফোলারিন বালোগুনের লাল কার্ডের পরও রক্ষণে দৃঢ়তা এবং মালিক টিলম্যানের দুর্দান্ত ফ্রি-কিকে জয় নিশ্চিত করে যুক্তরাষ্ট্র, যারা শেষ ষোলোতে বেলজিয়ামের মুখোমুখি হবে।

গতকালের ম্যাচের ফলাফল:

  • ইংল্যান্ড ২-১ ডিআর কঙ্গো

  • বেলজিয়াম ৩-২ সেনেগাল (অতিরিক্ত সময়ে)

  • মেক্সিকো ২-০ ইকুয়েডর

  • যুক্তরাষ্ট্র ২-০ বসনিয়া ও হার্জেগোভিনা

এই চারটি ফলাফলের মাধ্যমে বিশ্বকাপের শেষ ষোলো পর্বের লড়াই আরও জমে উঠেছে। নকআউটের প্রথম ধাপেই একের পর এক হাড্ডাহাড্ডি ম্যাচ প্রমাণ করছে, শিরোপার দৌড়ে কোনো দলই নিরাপদ নয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন