Sunday, November 8, 2026

পদ্মার পানির ন্যায্য হিস্যায় ছাড় নয়, প্রয়োজনে ভাসানীর মতো লংমার্চ: আখতার হোসেন


ছবিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজশাহী

পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে কোনো আপস করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। প্রয়োজনে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের মতো কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) রাতে রাজশাহীর কাটাখালীতে এনসিপির আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আখতার হোসেন।

তিনি বলেন, পদ্মার পানি কেবল একটি নদীর পানির বিষয় নয়, এর সঙ্গে বাংলাদেশের মানুষের জীবন-জীবিকা ও অস্তিত্ব জড়িয়ে আছে। এ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে পানির ন্যায্য হিস্যা আদায়ে আবারও লংমার্চের কর্মসূচিতে অংশ নিতে প্রস্তুত তারা।

পথসভায় আখতার হোসেন বলেন, রাজশাহী অঞ্চলের মানুষের পূর্বপুরুষেরা একসময় মাওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চে অংশ নিয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে সেই ঐতিহাসিক আন্দোলনের গুরুত্ব আবারও সামনে এসেছে। আগামী ডিসেম্বরে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, চুক্তি নবায়ন বা নতুন সমঝোতার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

পদ্মায় পানিপ্রবাহ কমে যাওয়ার প্রভাব তুলে ধরে তিনি বলেন, ফারাক্কা বাঁধ নির্মাণের আগে পদ্মায় যে পরিমাণ পানি প্রবাহিত হতো, পরবর্তী সময়ে তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর প্রভাব পড়েছে নদী, কৃষি ও জনজীবনে। শুষ্ক মৌসুমে পদ্মার শাখা-উপনদীগুলোতে পর্যাপ্ত পানি থাকে না। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মিঠাপানির সংকটের কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ত পানি উজানের দিকে প্রবেশ করছে।

তিনি অভিযোগ করেন, পানির সংকট বাংলাদেশের কৃষি, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকাকে ক্ষতিগ্রস্ত করছে। এ পরিস্থিতি দীর্ঘায়িত হতে দেওয়া যায় না।

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে সরকারের প্রতি সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, দেশের মানুষের স্বার্থ রক্ষায় আলোচনার টেবিলে কোনো ধরনের ছাড় দেওয়া উচিত হবে না। বাংলাদেশের প্রাপ্য পানির হিস্যা আদায়ে সরকারকে দৃঢ় ভূমিকা রাখতে হবে।

পথসভায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়েও বিএনপির সমালোচনা করেন আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিএনপি নতুন যে প্রস্তাব বা ফর্মুলা সামনে আনছে, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তার ভাষ্য, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে জনগণের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না।

কাটাখালী পৌর এনসিপি আয়োজিত এ পথসভায় প্রধান বক্তা ছিলেন দলটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা এনসিপির আহ্বায়ক এম এ সবুর, সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু এবং মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী।

কাটাখালী পৌর এনসিপির আহ্বায়ক মাসউদুল ইসলামের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব শফিকুল ইসলাম সজীব।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন