Monday, June 1, 2026

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ


ফাইল ছবিঃ দীপেন দেওয়ান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার তিনি প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সূত্র অনুযায়ী, পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেছেন যে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। এসব শারীরিক জটিলতার কারণে মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করা ক্রমেই কঠিন হয়ে উঠছে।

পদত্যাগপত্রে তিনি আরও বলেন, সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে দায়িত্ব পালনে সক্ষমতা নিশ্চিত করা জরুরি। বর্তমান শারীরিক অবস্থার কারণে সেই দায়িত্ব পূর্ণমাত্রায় পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

দীপেন দেওয়ান প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্র গ্রহণের অনুরোধ জানিয়েছেন বলেও জানা গেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

রাজনৈতিক অঙ্গনে এ পদত্যাগের খবরে আলোচনা শুরু হলেও সরকারের পক্ষ থেকেও এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না এবং পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের দায়িত্ব কার হাতে যাবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, দীপেন দেওয়ান রাঙামাটি পার্বত্য জেলার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। তার পদত্যাগের ঘটনায় পার্বত্য অঞ্চলের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন