Saturday, May 30, 2026

বিএনপি নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের


ছবিঃ আজ বিকেলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে দুঃস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণের পর বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান(সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | পিএনএন নিউজ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের দেশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

শনিবার (৩০ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচির পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, শহীদ জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে দীর্ঘদিন ধরে বিএনপি এ দিনটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে পালন করে আসছে। তিনি বলেন, “আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, দলের পক্ষ থেকে শুধু নয়, ব্যক্তিগত উদ্যোগেও অসহায় মানুষের পাশে দাঁড়ান—এটাই শহীদ জিয়ার শিক্ষা।”

তিনি আরও বলেন, “আসুন, আমরা শপথ করি—যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবো।”

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা যায়, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে একযোগে দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং বিভিন্ন স্থানে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন