Wednesday, May 20, 2026

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ


ছবিঃ উইকেট পেয়ে টাইগারদের উল্লাস (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। সিলেট 

দুর্দান্ত লড়াই, নাটকীয়তা আর স্পিন জাদুতে ভর করে আবারও পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিলেট টেস্টের পঞ্চম দিনে ৭৮ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে টাইগাররা।

ঘরের মাঠে এই প্রথম পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করল বাংলাদেশ। এর আগে পাকিস্তানের মাটিতেও সিরিজ জয়ের কীর্তি গড়েছিল টাইগাররা।

৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিনে ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে ব্যাটিং শুরু করে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। হাতে ছিল তিন উইকেট, জয়ের জন্য দরকার ছিল আরও ১২০ রান। উইকেটে ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান।

দিনের শুরুতেই সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নাহিদ রানার বলে স্লিপে রিজওয়ানের ক্যাচ উঠলেও সেটি তালুবন্দি করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। এরপর রিজওয়ান ও সাজিদ খান পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন এবং পাকিস্তানের জয়ের আশা জাগান।

তবে সেই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। সাজিদ খানকে ফিরিয়ে ইনিংসে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন এই বাঁহাতি স্পিনার। ৩৬ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন সাজিদ।

পরের ওভারে শরিফুল ইসলাম ফিরিয়ে দেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা রিজওয়ানকে। গালিতে মিরাজের হাতে ক্যাচ দেওয়ার আগে ১৬৬ বলে ৯৪ রানের লড়াকু ইনিংস খেলেন পাকিস্তানি এই উইকেটকিপার ব্যাটার।

শেষ ব্যাটার খুররম শেহজাদকে আউট করে ইনিংসে ৬ উইকেট পূর্ণ করেন তাইজুল। পাকিস্তান অলআউট হয় ৩৫৮ রানে এবং ৭৮ রানের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

চতুর্থ দিন থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ। পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ ফজল ও আজান আওয়াইসকে দ্রুত ফিরিয়ে চাপ তৈরি করেন বাংলাদেশের বোলাররা। এরপর বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ প্রতিরোধ গড়লেও তাদের জুটি ভাঙেন তাইজুল ইসলাম।

বাবর আজম ৪৭ রান করে আউট হন। অন্যদিকে শান মাসুদ করেন ৭১ রান। নাহিদ রানার গতিময় বোলিংয়ে সৌদ শাকিলও বেশিক্ষণ টিকতে পারেননি।

শেষ বিকেলে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা বড় জুটি গড়ে বাংলাদেশের ওপর চাপ তৈরি করেছিলেন। তবে ৭১ রান করা সালমান আগাকে বোল্ড করে সেই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। পরে হাসান আলিকেও শূন্য রানে ফিরিয়ে ম্যাচে পুরো নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

এর আগে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিম-এর অনবদ্য সেঞ্চুরিতে ৩৯০ রান তোলে স্বাগতিকরা। এতে পাকিস্তানের সামনে ৪৩৭ রানের কঠিন লক্ষ্য দাঁড়ায়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন