Monday, March 30, 2026

পাবনায় হামের প্রকোপ বেড়েছে, শিশু ওয়ার্ডে বাড়ছে চাপ


ছবিঃ পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে উপচেপড়া ভিড় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। পাবনা

উত্তরের জেলা পাবনায় হঠাৎ করে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থানীয় হাসপাতালগুলোতে বিশেষ করে শিশু ওয়ার্ডে তীব্র চাপ সৃষ্টি হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু হওয়ায় শয্যা সংকট, অতিরিক্ত ভিড় এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে এখন পর্যন্ত এ রোগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

পাবনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সেখানে ২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২৫ জনই ৩ মাস থেকে ১২ মাস বয়সি শিশু। এতে স্পষ্ট হচ্ছে, নবজাতক ও অল্পবয়সি শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন রোগী ভর্তি হয়েছেন। গত এক সপ্তাহে মোট ২৩ জন আক্রান্ত হয়েছেন। আর চলতি বছরের শুরু থেকে ২৯ মার্চ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৮ জনে।

সরেজমিনে হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। শয্যা সংকটের কারণে অনেক ক্ষেত্রে এক বিছানায় একাধিক শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে। এমনকি বারান্দার জায়গাও রোগী রাখার জন্য ব্যবহার করা হচ্ছে। এতে সংক্রমণ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্ল্লিষ্টরা।

রোগীর স্বজনরা জানান, অতিরিক্ত ভিড়ের কারণে ভোগান্তি বাড়লেও চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন। একজন অভিভাবক বলেন, “চাপ অনেক বেশি, কিন্তু ডাক্তাররা নিয়মিত খোঁজ নিচ্ছেন।” আরেকজনের মতে, বিভিন্ন উপজেলা থেকে রোগী আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, তবে ব্যবস্থাপনা আরও উন্নত করা সম্ভব ছিল।

চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে আক্রান্তদের আলাদা রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

হাসপাতালের দায়িত্বশীল এক চিকিৎসক বলেন, রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসা সেবা চালিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বর্তমানে চিকিৎসা সরঞ্জাম বা সেবায় কোনো বড় ধরনের সংকট নেই।

বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই শিশুদের সুরক্ষায় টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন