Tuesday, March 31, 2026

পাবনার সুজানগরে সংঘর্ষের জেরে বিএনপির তিন সদস্য বহিষ্কার


প্রতীকী ছবিঃ বিএনপি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। পাবনা

পাবনার সুজানগর উপজেলায় দলীয় দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবর্ষণ ও প্রাণহানির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির তিন সদস্যকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন উপজেলার ভিটবিলা ওয়ার্ড বিএনপির ইসলাম খান, চান্দু খান ও সান্টু খান।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সুজানগরের মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামে বিএনপির দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে ছিলেন ছাত্রদলের সাবেক নেতা রাফিউল ইসলাম রাজা এবং অপরপক্ষে ছিলেন বিএনপি কর্মী ইসলাম প্রামাণিক। এই দ্বন্দ্বের জেরে গত রোববার রাতেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরদিন সোমবার সকালে পরিস্থিতি আরও অবনতি ঘটে। পশ্চিমপাড়া এলাকায় এক পক্ষ লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিলে অপর পক্ষ সংঘবদ্ধ হয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শুরু হয় ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি।

এ ঘটনায় ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন চায়না খাতুন (৪০)। পরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা মুনছুর খাঁ (৬০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত তিন নেতাকে বহিষ্কার করে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব কঠোর বার্তা দিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন