Tuesday, March 31, 2026

আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে এনজিও কর্মীর মৃত্যু


ছবিঃ ফুয়েল কার্ড নিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে এনজিও কর্মীর মৃত্যু (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বখতিয়ার রহমান (প্রায় ৪০) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভেদামারী গ্রামের বাসিন্দা বখতিয়ার রহমান সকালে ফুয়েল কার্ড নেওয়ার উদ্দেশ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে যান। সেখানে আগে থেকেই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে নিকটস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ভিড় ও শারীরিক চাপের কারণে তিনি স্ট্রোক করেছিলেন।

বখতিয়ারের চাচাতো ভাই আবুল হোসেন জানান, “সকালে তিনি সুস্থ অবস্থায় বাড়ি থেকে বের হয়েছিলেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ক্লিনিকে নেওয়ার পর আমরা তার মৃত্যুর খবর পাই।”

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জনসমাগম ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন