Thursday, April 16, 2026

অতিরিক্ত দামে তেল বিক্রি ও অনিয়মে কুমিল্লায় ফিলিং স্টেশনকে জরিমানা


ছবিঃ কুমিল্লায় মজুত থাকার পরও তেল সরবরাহ না করায় ফিলিং স্টেশনকে জরিমানা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় এক ফিলিং স্টেশনে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানে উঠে আসে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল না দেওয়া, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং অননুমোদিত পাত্রে জ্বালানি সরবরাহের মতো অভিযোগ।

বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে লালমাই ফিলিং স্টেশনকে এই জরিমানা করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা ফিলিং স্টেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করে বিভিন্ন অনিয়মের প্রমাণ পান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এসব অনিয়ম শাস্তিযোগ্য অপরাধ। বিশেষ করে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রি এবং ঝুঁকিপূর্ণ বা অননুমোদিত পাত্রে তেল সরবরাহ করা ভোক্তার অধিকার লঙ্ঘনের শামিল।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন