- ০৭ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক। PNN
অস্ট্রেলিয়ার সাবেক বিশেষ বাহিনীর সদস্য বেন রবার্টস-স্মিথ–কে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল পুলিশ। মঙ্গলবার সিডনি বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪৭ বছর বয়সী এই সাবেক সেনার বিরুদ্ধে আফগানিস্তানে দায়িত্ব পালনকালে পাঁচজন ব্যক্তিকে হত্যার অভিযোগে মোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগগুলো ২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে সংঘটিত ঘটনার সঙ্গে সম্পর্কিত। প্রতিটি অভিযোগে সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কমিশনার ক্রিসি ব্যারেট এক সংবাদ সম্মেলনে জানান, যাদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ, তারা হামলার সময় কোনো যুদ্ধ পরিস্থিতিতে যুক্ত ছিলেন না। তদন্তে আরও বলা হয়েছে, অভিযুক্ত নিজে গুলি করেছেন অথবা তার অধীনস্থদের মাধ্যমে তার উপস্থিতিতে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
২০২১ সাল থেকে চলা দীর্ঘ তদন্তের পর এই অভিযোগ আনা হয়েছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ এবং বিশেষ তদন্ত দপ্তর যৌথভাবে বিষয়টি অনুসন্ধান করে।
গ্রেপ্তারের পর আগামী বুধবার তার জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, সাংবাদিকদের বিরুদ্ধে করা মানহানির মামলায় হেরে যান রবার্টস-স্মিথ। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, তিনি নিরস্ত্র আফগান নাগরিক হত্যার ঘটনায় জড়িত ছিলেন। ২০২৩ সালে আদালত রায় দেয়, সাংবাদিকদের প্রকাশিত তথ্য মিথ্যা নয়।
মানবাধিকার সংগঠনগুলো এই গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল জাস্টিসের নির্বাহী পরিচালক এই ঘটনাকে ভুক্তভোগীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত অগ্রগতি বলে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নেতৃত্বাধীন অভিযানের অংশ হিসেবে প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে প্রায় ৩৯ হাজার অস্ট্রেলিয়ান সেনা মোতায়েন ছিল। সেই সময়কার বিভিন্ন অভিযানে যুদ্ধাপরাধের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে।
বেন রবার্টস-স্মিথ একসময় অস্ট্রেলিয়ার সর্বাধিক সম্মানিত জীবিত যুদ্ধবীরদের একজন হিসেবে বিবেচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ দেশটির সামরিক বাহিনীর ভাবমূর্তির ওপর নতুন করে প্রশ্ন তুলেছে।