Thursday, June 11, 2026

অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ


ছবিঃ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের দাপুটে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার ৪২ ওভারে করা ১৮৭ রানের জবাবে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান। শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারিয়ে কিছুটা চাপে পড়লেও সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত দলের ইনিংস গুছিয়ে নেন।

দুই ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সৌম্য সরকার আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে এগিয়ে নিলেও ব্যক্তিগত ফিফটি পূরণের আগেই ফিরে যান। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত ৪২ রানের কার্যকর ইনিংস খেলে দলকে শক্ত ভিত এনে দেন।

শান্তর বিদায়ের পর লিটন দাস কিছুটা গতি বাড়ানোর চেষ্টা করেন। ১৮ বলে ২১ রান করে তিনি ক্যামেরন গ্রিনের শিকার হলে ম্যাচে সাময়িক উত্তেজনা তৈরি হয়। পরে মোসাদ্দেক হোসেন ১৫ রান করে আউট হলেও তাওহিদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আর কোনো বিপদ ঘটতে দেননি।

দুইজন মিলে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যান। হৃদয় অপরাজিত ৪০ এবং মিরাজ অপরাজিত ২২ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। বাংলাদেশ ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়, হাতে থাকে ৬ ওভার এবং ৫ উইকেট।

এর আগে অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতেই তাসকিন আহমেদের আগুনঝরা বোলিংয়ে বিপর্যয়ে পড়ে সফরকারীরা। মাত্র ২৫ রানে ৪ উইকেট হারানোর পর মার্নাস লাবুশেন ও জাভিয়ার বার্টলেট প্রতিরোধ গড়ে তোলেন। লাবুশেন অপরাজিত ৫৫ ও বার্টলেট ৫২ রান করে অস্ট্রেলিয়াকে ১৮৭ রানে পৌঁছে দেন।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান তিনটি করে উইকেট শিকার করেন। তানভীর ইসলাম নেন দুটি উইকেট।

এই জয়ের মাধ্যমে শুধু ম্যাচ নয়, দীর্ঘদিনের এক অপূর্ণতাও ঘুচিয়েছে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে উচ্ছ্বসিত পুরো দল ও দেশের ক্রিকেটপ্রেমীরা।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন