Saturday, February 28, 2026

অর্থমন্ত্রী খসরু: দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কর বৃদ্ধি ও বিনিয়োগ জরুরি


ছবিঃ চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজস্ব বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের অগ্রাধিকার।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব মন্তব্য করেন। তিনি বলেন, “অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আয় বাড়াতে হবে এবং সেই অর্থ সঠিক বিনিয়োগে কাজে লাগাতে হবে। বিনিয়োগ ছাড়া নতুন কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়।”

মন্ত্রী আরও জানান, সরকার দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিশেষ মনোযোগ দিচ্ছে। আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

এর আগে বিকেল ৩টার দিকে মন্ত্রী পতেঙ্গা থানাধীন জেলে পাড়া এলাকায় প্রস্তাবিত হাসপাতাল নির্মাণস্থল পরিদর্শন করেন। তিনি সরেজমিনে ১৪.২১৯০ একর এবং ২.৭ একর মোট দুইটি জমি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা ও ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন। এ সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিয়ে ভোলা এবং সদস্য সরফরাজ কাদের রাসেলও উপস্থিত ছিলেন।

মন্ত্রী পরিদর্শনকালে আশা প্রকাশ করেন, হাসপাতালটি বাস্তবায়িত হলে পতেঙ্গা ও আশপাশের এলাকার মানুষ আরও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন এবং চট্টগ্রাম মহানগরের চিকিৎসা অবকাঠামো আরও শক্তিশালী হবে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন