- ৩০ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মীদের প্রণোদনা বোনাস দেওয়ার ক্ষেত্রে শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নিট মুনাফা না থাকলেও, পরিচালন বা অপারেটিং মুনাফা থাকলে ব্যাংকগুলো তাদের কর্মকর্তা-কর্মচারীদের বোনাস দিতে পারবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যাংকের মূলধনে ঘাটতি থাকলেও নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে প্রণোদনা বোনাস দেওয়া যাবে। তবে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে—যেসব ব্যাংকের মূলধন আগের বছরের তুলনায় কমেনি এবং যাদের ডেফারেল সুবিধার প্রয়োজন নেই, কেবল তারাই এই সুবিধা পাবে।
সার্কুলার অনুযায়ী, ব্যাংকের পরিচালনা পর্ষদ সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ বোনাস অনুমোদন করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাংকিং খাতে কর্মীদের উদ্দীপনা বাড়ানো এবং প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখা।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে জারি করা নির্দেশনায় বলা হয়েছিল, নিট মুনাফা অর্জন করতে না পারলে কোনো ব্যাংক কর্মীদের বোনাস দিতে পারবে না। পাশাপাশি মূলধন ও প্রভিশন ঘাটতিতে থাকা ব্যাংকগুলোর ক্ষেত্রেও বোনাস প্রদানে নিষেধাজ্ঞা ছিল।
ব্যাংক সংশ্লিষ্টরা জানান, ওই কঠোর নিয়মের কারণে অনেক প্রতিষ্ঠান কর্মীদের বোনাস দিতে পারেনি, ফলে দক্ষ জনবল ধরে রাখতে সমস্যায় পড়েছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাংকগুলোর সংগঠনগুলোর পক্ষ থেকে নিয়ম শিথিলের দাবি জানানো হয়।
সংশ্লিষ্ট মহলের মতে, নতুন এ সিদ্ধান্ত ব্যাংক খাতে কর্মীদের মনোবল বাড়াবে এবং দক্ষ জনবল ধরে রাখতে সহায়ক ভূমিকা রাখবে।