- ২৫ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের সংগঠন নয়; এটি মানুষের সংগঠন। তাই ভুল-ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকলেও অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সংগঠনের সদস্যরাও মানুষ, তাই তাদের ভুল বা সীমাবদ্ধতা থাকতে পারে। তবে জামায়াতের অবস্থান স্পষ্ট অন্যায় ও সংগঠন কখনো একই পথে চলতে পারে না। কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অনিয়ম, অপরাধ বা নৈতিক বিচ্যুতির অভিযোগ থাকলে তা গোপন না রেখে সামনে আনার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশের মানুষ যদি জামায়াতের কারও বিরুদ্ধে অন্যায় বা অপরাধের তথ্য তুলে ধরেন, তাহলে সংগঠন তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, আর গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নিতে কোনো দ্বিধা করা হবে না।
নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, যারা আদর্শিক রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের ব্যক্তিগত জীবন ও আচরণও হতে হবে প্রশ্নাতীত। সমাজে সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তি ধরে রাখতে হলে প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ছোটখাটো বিচ্যুতি সংশোধনের মাধ্যমে একজন কর্মীকে আবার দায়িত্ব পালনের সুযোগ দেওয়া যেতে পারে। তবে যদি অপরাধ বা নৈতিক লঙ্ঘনের মাত্রা গুরুতর হয়, তাহলে সংগঠনকে কঠোর সিদ্ধান্ত নিতেই হবে। এ ক্ষেত্রে কোনো ব্যক্তি বা পদমর্যাদার ভিত্তিতে ছাড় দেওয়ার সুযোগ নেই।
বক্তব্যের শেষাংশে তিনি নিজেসহ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে আত্মসমালোচনা ও আত্মসংযমের আহ্বান জানান। একই সঙ্গে নৈতিকতা, শৃঙ্খলা ও জবাবদিহিতা বজায় রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।