- ০১ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার ও স্বার্থ ক্ষুণ্ন হলে তা রক্ষায় প্রতিবাদ ও প্রয়োজন হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।
মঙ্গলবার রাতে জাতীয় সংসদের অধিবেশন শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
শফিকুর রহমান বলেন, সংসদে বিরোধী দল কোনো সংঘাত বা অস্থিতিশীলতা তৈরি করতে চায় না। বরং দেশের স্বার্থে গঠনমূলক ভূমিকা রাখাই তাদের লক্ষ্য। তিনি বলেন, “সরকার জনগণের কল্যাণে কোনো উদ্যোগ নিলে আমরা তা সমর্থন ও সহযোগিতা করব। তবে যদি জনগণের অধিকার ক্ষুণ্ন হয়, তখন আমরা নিশ্চুপ থাকব না।”
তিনি সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটে অধিকাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছে। তাই জনগণের সেই রায়কে সম্মান জানানো উচিত। এতে সংসদের মর্যাদাও বৃদ্ধি পাবে।
সংসদে প্রস্তাবিত বিশেষ কমিটি প্রসঙ্গে তিনি বলেন, যদি সংবিধান সংস্কার বা সংশ্লিষ্ট বিষয়ে কমিটি গঠন করা হয়, তাহলে বিরোধী দল তা ইতিবাচকভাবে বিবেচনা করতে পারে। তবে কমিটিতে সরকারি ও বিরোধী দলের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। অন্যথায় সেই কমিটি থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।
ব্রিফিংয়ে তিনি আরও অভিযোগ করেন, সংসদে তার একটি বক্তব্য আইনমন্ত্রী ভুলভাবে উপস্থাপন করেছেন। এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার সুযোগ চাইলেও সময়ের অভাবে তা সম্ভব হয়নি। তবে পরবর্তী অধিবেশনে এ বিষয়ে বক্তব্য রাখার সুযোগ পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, গণ-অভ্যুত্থান বা বিপ্লব সাধারণত সংবিধানের কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকে না। জনগণের আকাঙ্ক্ষা ও ইচ্ছার প্রতিফলন হিসেবেই এসব পরিবর্তন ঘটে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সংবিধানের বাইরে গিয়েও অনেক সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে, যা দেশের রাজনৈতিক বাস্তবতার অংশ।