- ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন থেকে আজ শুক্রবার দুপুরে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে যান তারেক রহমান। এ সময় তাঁর বাসভবনের সামনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
নামাজে যাওয়ার পথে কিছু সময়ের জন্য গাড়ি থামিয়ে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেন বিএনপির চেয়ারম্যান। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি নিজেই গাড়ির দরজা খুলে বাইরে এসে কয়েকজনের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের পরিচয় জানতে চান। জনতার ভিড় থেকে অনেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশার কথা তুলে ধরে তাঁর পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন।
জবাবে তারেক রহমান সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, মানুষের ভালোবাসা ও সমর্থন তাঁর জন্য বড় প্রেরণা। একই সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে সবার দোয়া কামনা করেন।
পরে তিনি নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি বাসভবনের উদ্দেশে রওনা হন।
এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছে, সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হলে তারেক রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী।
দলীয় সূত্র জানায়, তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে উভয় আসনেই জয় লাভ করেছেন। প্রায় দুই দশক পর জাতীয় পর্যায়ে সরকার গঠনের সুযোগ পেতে যাচ্ছে বিএনপি—এমন প্রেক্ষাপটে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনোত্তর সময়ে জনসমাগম ও সরাসরি শুভেচ্ছা বিনিময় ভবিষ্যৎ সরকারের প্রতি জনগণের প্রত্যাশার প্রতিফলন। এখন দৃষ্টি থাকবে নতুন সরকারের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ও পরবর্তী কর্মপরিকল্পনার দিকে।