- ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্য দিয়ে বাণিজ্য উপদেষ্টা হিসেবে শেখ বশিরউদ্দীনের দায়িত্বের ইতি ঘটছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভা দায়িত্ব নেওয়ার পরই তার উপদেষ্টা পদ স্বয়ংক্রিয়ভাবে অবসান হবে। এরপর তিনি নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে আবারও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক বিদায় অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে তার সহধর্মিণী ইফসিয়া মাহিন উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার দায়িত্বকালীন কর্মকাণ্ডের কথা স্মরণ করেন।
বিদায়ী বক্তব্যে শেখ বশিরউদ্দীন বলেন, দায়িত্ব পালনকালে তিনি নৈতিকতার প্রশ্নে কখনো আপস করেননি এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার সমন্বিত প্রচেষ্টায় কাজ করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নেতৃত্ব সঠিক হলে প্রশাসন যে দক্ষতার সঙ্গে কাজ করতে পারে, তা তিনি সরাসরি প্রত্যক্ষ করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সরকারি কর্মচারীদের আচরণে ইতিবাচক প্রতিফলন দেখা প্রয়োজন। অন্যায্য বা অনৈতিক কোনো নির্দেশ এলে তা নীতিগতভাবে প্রত্যাখ্যান করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নতুন নেতৃত্বকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।
শেখ বশিরউদ্দীন ২০২৪ সালের ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার দিনই তিনি আকিজবশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান। পরে ২০২৫ সালের এপ্রিলে তার ওপর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। একই বছরের আগস্টে তাকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়।
তার প্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠীটি সিরামিকস, স্যানিটারি ও বাথওয়্যার, টেবিলওয়্যার, পাট, স্টিল, পার্টিকেল বোর্ড ও চা–সহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করে আসছে। দায়িত্ব শেষে তিনি আবারও বেসরকারি খাতে সক্রিয় ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন।