- ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে ভ্যাট কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বর্তমান ব্যবস্থায় স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর পরিশোধ করতে হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করেছে। এতে বলা হয়েছে, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশোধিত ব্যবস্থায় আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হবে, তবে স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে আর কোনো ভ্যাট প্রযোজ্য থাকবে না।
সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই পদক্ষেপের ফলে এলপি গ্যাস ক্রয়ের ক্ষেত্রে ভোক্তা পর্যায়ে প্রায় ২০ শতাংশ পর্যন্ত মূসকভার কমতে পারে। এতে বাজারে মূল্য চাপ কিছুটা কমবে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে জ্বালানি পণ্যটি রাখা সহজ হবে বলে আশা করা হচ্ছে।