Tuesday, February 17, 2026

‘নমুনা নোট’ ব্যবহার নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা


প্রতীকী ছবিঃ বাংলাদেশ ব্যাংক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নমুনা নোট’ ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও ও ছবি প্রচারের ঘটনায় কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এ ধরনের কর্মকাণ্ড জাল নোটের ঝুঁকি বাড়িয়ে দেশের সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন বিভাগের সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব -সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এমন কিছু কনটেন্ট ছড়িয়ে পড়েছে, যেখানে আসল নোটের আদলে বা তার চেয়ে বড় আকারে তৈরি তথাকথিত ‘নমুনা নোট’ ব্যবহার করে বিপণন প্রচারণা বা ভিডিও নির্মাণ করা হচ্ছে। এছাড়া উন্মুক্ত স্থানে আসল টাকার মতো দেখতে কাগজ ব্যবহার করে ব্যবসায়িক প্রচারণার ঘটনাও নজরে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং জাল নোটের বিস্তারে সহায়ক হতে পারে। আইন অনুযায়ী, আসল ব্যাংক নোটের সদৃশ কাগজ তৈরি, প্রচার বা বিতরণ করা শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৪৮৯(ঙ) অনুযায়ী প্রচলিত ব্যাংক নোটের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ও বিভ্রান্তিকর উপকরণ প্রস্তুত, ব্যবহার বা বিতরণ করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ডিজিটাল মাধ্যমে গুজব, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ধারা ২৫ অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জনসাধারণকে এ ধরনের কনটেন্ট তৈরি ও প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জাল নোট প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং সন্দেহজনক কার্যক্রম দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন