Saturday, February 28, 2026

নরসিংদীতে কিশোরী হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার


ছবিঃ এক কিশোরীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরাকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নরসিংদী

নরসিংদীতে ধর্ষণের অভিযোগের বিচার চাওয়াকে কেন্দ্র করে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮) গ্রেফতার হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানা-র ওসি কামাল হোসেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মাঝামাঝি একটি সরিষাখেত থেকে ১৫ বছর বয়সী ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, পূর্বের ধর্ষণ ঘটনার বিচার দাবি করায় ক্ষুব্ধ হয়ে তাকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যা করা হয়েছে।

ঘটনার পর বৃহস্পতিবার রাতে নিহতের মা ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন নূর মোহাম্মদ ওরফে নূরা, এবাদুল্লাহ, হযরত আলী, মো. গাফফার, আহাম্মদ আলী দেওয়ান, ইমরান দেওয়ান, ইছহাক ওরফে ইছা, আবু তাহের ও মো. আইয়ুব। এর মধ্যে আহাম্মদ আলী দেওয়ান মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি।

পুলিশ জানায়, মামলার পরপরই আহাম্মদ আলী দেওয়ানসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে অভিযোগ ওঠার পর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আহাম্মদ আলী দেওয়ানকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে। সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত নূরার সঙ্গে কিশোরীর পূর্ব পরিচয় ছিল। প্রায় ১৫ দিন আগে নূরার নেতৃত্বে কয়েকজন তরুণ কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। বিষয়টি জানিয়ে বিচার চেয়ে পরিবারটি সাবেক ইউপি সদস্য আহাম্মদ আলী দেওয়ানের দ্বারস্থ হলেও তারা কোনো প্রতিকার পায়নি বলে দাবি করেছেন স্বজনরা। বরং অভিযোগ রয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে রফাদফা ও অর্থ লেনদেনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়া হয় এবং পরিবারকে গ্রাম ছাড়ার চাপ দেওয়া হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে গত বুধবার রাতে। পরিবার জানায়, মেয়েকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পথে বিলপাড় এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে কয়েকজন যুবক বাবার কাছ থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। রাতভর খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সরিষাখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন