Saturday, May 23, 2026

নিউইয়র্কের মেয়রের সঙ্গে অভিনয়ে জায়েদ খান


ছবিঃ নিউইয়র্ক মেয়র জোহরান মামদানির সঙ্গে জায়েদ খান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ঢালিউড অভিনেতা জায়েদ খান সম্প্রতি এক ফেসবুক পোস্টের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহলের জন্ম দেন। পোস্টে দেখা যায়, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তাঁর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। সেই পোস্ট শেয়ার করে জায়েদ খান লিখেছিলেন, “আসলে কি হচ্ছে এটা? মেয়র জোহরান মামদানি আমার কাঁধে হাত রাখছে? চমৎকার!”

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। অনেকে ধারণা করেন, এটি হয়তো কোনো বিশেষ অনুষ্ঠান বা আনুষ্ঠানিক সাক্ষাতের ছবি। পরে সাংবাদিক খালেদ মুহিউদ্দিন একই পোস্টার শেয়ার করে রহস্য আরও বাড়িয়ে দেন।

অবশেষে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সময় শুক্রবার মধ্যরাতে বিষয়টির ব্যাখ্যা দেন জায়েদ খান। তিনি জানান, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি তাঁর সঙ্গে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ এপিসোড-২’। এটি পরিচালনা করেছেন জন কবির এবং সাদ আল আমীন। প্রজেক্টটি মূলত প্রবাসী বাংলাদেশিদের জীবন, সংগ্রাম ও অভিজ্ঞতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

জানা গেছে, সিরিজটির প্রথম পর্ব চলতি বছরের মার্চে মুক্তি পেয়েছিল। দ্বিতীয় পর্ব আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ‘ঠিকানা বাংলাদেশ’-এর ইউটিউব ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

জায়েদ খান বলেন, জোহরান মামদানির মতো আন্তর্জাতিকভাবে পরিচিত একজন জনপ্রতিনিধির সঙ্গে একই প্রজেক্টে কাজ করতে পারা তাঁর জন্য গর্বের বিষয়। তিনি মনে করেন, এটি বাংলাদেশের জন্যও সম্মানের।

মেয়রকে এই প্রজেক্টে যুক্ত করার পেছনের গল্পও তুলে ধরেন তিনি। জায়েদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ঠিকানা’র রুহিন হোসেন ও তাঁর স্ত্রী আনুভা শাহীন হোসেন প্রথমে ই-মেইলের মাধ্যমে মেয়রের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেন। পরে সময় নির্ধারণ হলে নির্দিষ্ট দিনেই শুটিং সম্পন্ন হয়।

শুটিং সেটে জোহরান মামদানির আচরণের প্রশংসা করে জায়েদ খান বলেন, মেয়র অত্যন্ত আন্তরিক ছিলেন এবং পরিচালকের নির্দেশনা মেনে অভিনয় করার চেষ্টা করেছেন। পুরো কাজটি তিনি উপভোগও করেছেন বলে জানান অভিনেতা।

ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হওয়া রহস্যের অবসান ঘটিয়ে এখন নিশ্চিত হওয়া গেছে, এটি কোনো সৌজন্য সাক্ষাৎ নয়; বরং একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে একসঙ্গে অভিনয়ের অংশ হিসেবেই একই ফ্রেমে দেখা যাবে জায়েদ খান ও জোহরান মামদানিকে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন