- ০৩ জুন, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ফুটবল ইতিহাসের অন্যতম মূল্যবান স্মারক হিসেবে বিবেচিত ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে পরা জার্সিটি এবার নিলামে তোলা হচ্ছে। আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান সদবিস জানিয়েছে, আসন্ন বিশেষ ক্রীড়া স্মারক নিলামের অন্যতম আকর্ষণ হবে এই ঐতিহাসিক জার্সি।
ফুটবলপ্রেমীদের কাছে ১৯৫৮ সালের বিশ্বকাপ বিশেষ গুরুত্ব বহন করে। ওই আসরেই মাত্র ১৭ বছর বয়সে বিশ্বমঞ্চে নিজের অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখেন পেলে। ফাইনালে সুইডেনের বিপক্ষে দুটি গোল করে ব্রাজিলকে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। সেই ম্যাচে ব্যবহৃত ১০ নম্বর জার্সিটিই এবার সংগ্রাহকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
নিলাম আয়োজকদের ধারণা, জার্সিটির মূল্য ৬০ লাখ মার্কিন ডলারেরও বেশি হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৭০ কোটির টাকারও বেশি। আগামী ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত চলবে নিলাম কার্যক্রম।
সদবিস জানিয়েছে, বিশ্বকাপ জয়ের পর পেলে স্মৃতিচিহ্ন হিসেবে জার্সিটি তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সতীর্থ দিদাকে উপহার দিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে দিদার পরিবারের কাছে সংরক্ষিত থাকার পর এটি একটি জাদুঘরে স্থান পায়। পরবর্তীতে সংগ্রাহকদের আগ্রহের কারণে আবারও এটি নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রীড়া স্মারক বিক্রির বাজারে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে ফুটবল ও বাস্কেটবলের ঐতিহাসিক সামগ্রী। সেই ধারাবাহিকতায় পেলের জার্সিটিও নতুন মূল্য রেকর্ড গড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই নিলামে শুধু পেলের জার্সিই নয়, ফুটবল ইতিহাসের আরও কয়েকটি উল্লেখযোগ্য স্মারকও রাখা হবে। এর মধ্যে রয়েছে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ম্যাচে ব্যবহৃত একটি আর্মব্যান্ড এবং লিওনেল মেসির ব্যবহৃত বিভিন্ন ক্রীড়া সামগ্রী।
নিলাম শুরুর আগে নিউইয়র্কে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে, যেখানে দর্শনার্থীরা কাছ থেকে এসব ঐতিহাসিক স্মারক দেখার সুযোগ পাবেন। ফুটবল ইতিহাসের স্বর্ণালী অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এই জার্সিকে ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে সংগ্রাহক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।