- ১৯ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নেত্রকোনা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদলের কয়েকজন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং একজন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (গতকাল) বিকেলে পৃথকভাবে এসব নোটিশ জারি করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা যুবদলের সদস্যসচিব সোলায়মান হক স্বাক্ষরিত দুটি এবং যুগ্ম আহ্বায়ক মো. কালন ভূঁইয়ার স্বাক্ষরে একটি নোটিশ দেওয়া হয়। পাশাপাশি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলামের স্বাক্ষরেও আরেকটি নোটিশ জারি করা হয়েছে।
নোটিশে কলমাকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর রহমান, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান এবং সদর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব শাহজাহান কবিরকে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাজিরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হারুন মণ্ডলকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে পৃথক নোটিশে জানানো হয়।
দলীয় সূত্র জানিয়েছে, সংগঠনের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।