Thursday, July 16, 2026

নেটফ্লিক্সের গ্লোবাল টপ টেনে ‘অ্যাভাটার ২’


ছবিঃ ‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার ২’–এর দৃশ্য (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

দুই দশকেরও বেশি সময় ধরে ফ্যান্টাসি অ্যানিমেশনের জগতে অন্যতম প্রভাবশালী নাম ‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’। ২০০৫ সালে নিকেলোডিয়নে যাত্রা শুরু করা এই অ্যানিমেটেড সিরিজ কেবল শিশু-কিশোর নয়, সব বয়সী দর্শকের কাছেই অনন্য জনপ্রিয়তা অর্জন করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় নেটফ্লিক্স ২০২৪ সালে সিরিজটির লাইভ-অ্যাকশন সংস্করণ নিয়ে এলেও প্রথম মৌসুম দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।

তবে দ্বিতীয় মৌসুমে এসে সেই সমালোচনার অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে নির্মাতারা। মুক্তির পর থেকেই ‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার ২’ বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রে চলে আসে। অল্প কয়েক দিনের মধ্যেই এটি নেটফ্লিক্সের গ্লোবাল টপ ১০ ইংরেজি টিভি সিরিজের শীর্ষে জায়গা করে নেয়। বাংলাদেশেও এটি বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত ও দেখা সিরিজগুলোর একটি।

নতুন মৌসুমে গল্প শুরু হয় নর্দার্ন ওয়াটার ট্রাইবের যুদ্ধের পর। তরুণ অ্যাভাটার আং এখনো তার দায়িত্ব পূর্ণ করতে পারেনি। পানি ও বাতাস নিয়ন্ত্রণের কৌশল আয়ত্ত করার পর এবার তার লক্ষ্য মাটি নিয়ন্ত্রণ শেখা। সেই অভিযানে কাটারা ও সোকাকে সঙ্গে নিয়ে সে খুঁজে পায় কিংবদন্তিতুল্য আর্থবেন্ডার টফ বেইফংকে।

একই সঙ্গে গল্পের কেন্দ্রবিন্দুতে উঠে আসে রহস্যে ঘেরা বিশাল নগরী বা সিং সে, যেখানে ক্ষমতার রাজনীতি, গোপন ষড়যন্ত্র, তথ্য নিয়ন্ত্রণ এবং নেতৃত্বের সংকট গল্পকে নতুন মাত্রা দেয়। অন্যদিকে আকাশে আবার দেখা দেয় সোজিনস কমেট, যার প্রভাবে ফায়ারবেন্ডারদের শক্তি ভয়াবহভাবে বেড়ে যায় এবং গোটা বিশ্বের সামনে নতুন হুমকি তৈরি হয়।

এই মৌসুমের অন্যতম আকর্ষণ নির্বাসিত রাজপুত্র জুকোর চরিত্রের বিকাশ। নিজের অতীত, ভুল এবং পরিচয়ের সঙ্গে লড়াই করতে থাকা জুকোর মানসিক পরিবর্তন সিরিজের আবেগঘন দিকগুলোকে আরও শক্তিশালী করেছে। তার সঙ্গে আইরোহর সম্পর্কও আগের মতোই দর্শকদের মনে দাগ কাটে।

অন্যদিকে নতুন চরিত্র টফ বেইফংয়ের উপস্থিতি পুরো গল্পে নতুন প্রাণ এনে দিয়েছে। আত্মবিশ্বাসী, তীক্ষ্ণ রসবোধসম্পন্ন এবং দুর্দান্ত দক্ষ এই চরিত্রটি দলের গতিশীলতা বাড়ানোর পাশাপাশি গল্পের আবেগ ও ভারসাম্যও সমৃদ্ধ করেছে।

অভিনয়ের ক্ষেত্রেও দ্বিতীয় মৌসুমকে প্রথমটির তুলনায় অনেক বেশি পরিণত মনে হয়েছে। গর্ডন করমিয়ারের আং, কিয়াওয়েন্তিওর কাটারা, ইয়ান ওসলির সোকা এবং বিশেষ করে ডালাস লিউর জুকো চরিত্রে অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। নতুন সংযোজন মিয়া চেকও টফ চরিত্রে সফল অভিষেক ঘটিয়েছেন।

প্রযোজনার দিক থেকেও দ্বিতীয় মৌসুমে এসেছে উল্লেখযোগ্য উন্নতি। বিশাল সেট, মনোমুগ্ধকর লোকেশন, পোশাক পরিকল্পনা এবং ভিজ্যুয়াল ডিজাইনে নির্মাতাদের যত্ন স্পষ্ট। বেন্ডিং যুদ্ধগুলোর কোরিওগ্রাফিও আগের তুলনায় আরও বাস্তবসম্মত ও প্রাণবন্ত। যদিও কয়েকটি দৃশ্যে ভিজ্যুয়াল ইফেক্টের কৃত্রিমতা চোখ এড়ায় না, তবুও সামগ্রিক নির্মাণমান দর্শকের প্রত্যাশা পূরণ করেছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবার নির্মাতারা মূল অ্যানিমেটেড সিরিজকে হুবহু অনুসরণ না করে নিজেদের মতো করে গল্প বলার সাহস দেখিয়েছেন। কিছু পরিবর্তন বিতর্কের জন্ম দিলেও এই স্বাধীন উপস্থাপনাই সিরিজটিকে আলাদা পরিচয় দিয়েছে।

তবে বিস্তৃত কাহিনির কারণে কিছু গুরুত্বপূর্ণ চরিত্র ও ঘটনার বিকাশ তুলনামূলক দ্রুত শেষ হয়েছে। আরও কয়েকটি পর্ব থাকলে গল্পের আবেগ ও চরিত্রের যাত্রা আরও গভীরভাবে ফুটে উঠতে পারত বলে মনে করছেন অনেক দর্শক।

সব মিলিয়ে ‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার ২’ প্রথম মৌসুমের সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে উঠে আরও পরিণত, আত্মবিশ্বাসী এবং বিনোদনসমৃদ্ধ এক অভিজ্ঞতা উপহার দিয়েছে। এখন দর্শকদের অপেক্ষা সিরিজটির তৃতীয় ও শেষ মৌসুমের জন্য, যা এই নেটফ্লিক্স অভিযোজনের সাফল্যকে চূড়ান্তভাবে নির্ধারণ করবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন