Wednesday, July 15, 2026

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এমইউজে খুলনার মানববন্ধন, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি


ছবিঃ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এমইউজে খুলনার মানববন্ধন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। খুলনা

খুলনায় চার সাংবাদিককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (১৫ জুলাই) খুলনা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, সাংবাদিকদের ওপর হামলা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য বড় হুমকি। জনগুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিকদের লক্ষ্য করে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, যারা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে তারা আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতার বিরোধী। অতীতে খুলনায় নিহত সাংবাদিক হুমায়ুন কবীর বালু, মানিক চন্দ্র সাহা, শেখ বেলাল উদ্দিন ও হারুন অর রশীদ খোকনসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হলে অপরাধীরা এমন ঘটনা ঘটানোর সাহস পেত না।

শফিকুল আলম মনা অভিযোগ করেন, সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে ষড়যন্ত্রের অংশ হিসেবে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে খুলনা মহানগরীতে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন এবং খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন।

কর্মসূচি পরিচালনা করেন এমইউজে খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা ও সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের মানুষের কথা তুলে ধরেন। তাদের ওপর হামলা মানে গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তাই এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলার সাহস না পায়।

সমাবেশে এমইউজে খুলনার নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এমইউজে খুলনার কোষাধ্যক্ষ ও এসএ টিভির খুলনা বিভাগীয় প্রধান রকিবুল ইসলাম মতিসহ চার সাংবাদিককে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন